Saturday, 18 April 2015

      শুভ নববর্ষ

নববর্ষ আগমনে খুশি সবাকার,
প্রেম প্রীতি ভালবাসা, প্রীতি উপহার
নতুন সকালে রবি ছড়ায় কিরণ,
মন্দ মন্দ বহিতেছে মুক্ত সমীরণ

বৃক্ষশাখে গাহে পাখি, সুমধুর গান,
ভালবাসা বিনিময়, শুভেচ্ছা প্রদান
ফুটেছে কুসুম কত পুষ্পিত কাননে,
মধুকর আসে নিত্য মধু আহরনে

নব সাজে সুসজ্জিত সব শিশুগণ,
সুমধুর বাক্যে তারা করে আলাপন
পুষ্পে পুষ্পে সুসজ্জিত বিপণি সকল,
ক্রেতাগণে করে সদা, ভিড় অবিরল

নববর্ষের শুভেচ্ছা করিও গ্রহণ,
কবিতার ক্লাবের পাঠক-কবিগণ



Monday, 6 April 2015





কবিতার আসর ও আমার কবিতা

কবিতার আসর
কবিদের পান্থশালা,
আমার কবিতা
হৃদয়ের গাঁথা মালা

কবিতার আসর
কবির তীর্থ রেণু
আমার কবিতা
হৃদয়ে বাজায় বেণু

কবিতার আসর
সুশীতল তরুর ছায়া,
আমার কবিতা
স্মৃতিবিজড়িত মায়া

কবিতার আসর
কবিদের খেলাঘর,
আমার কবিতা
সময়ের বালুচর

কবিতার আসর
চেতনা জাগানো প্রাণ,
আমার কবিতা
প্রভাত পাখির গান

কবিতার আসর
ছায়া সুনিবিড় শাখী,
আমার কবিতা
ভোরের দোয়েল পাখি

কবিতার আসর
কবিদের পান্থনিবাস,
আমার কবিতা
জীবনের ইতিহাস

কবিতার আসর
জীবনের এক আশ্বাস,
আমার কবিতা
প্রাণখোলা হাসি উল্লাস

কবিতার আসর
জীবনের অটুট বন্ধন,
আমার কবিতা
হৃদয়ছোঁয়া এক স্পন্দন

কবিতার আসর
সবার হৃদয়ে ফোটায় ফুল,
আমার কবিতা
জীবনের প্রতিকূলে অনুকূল

কবিতার আসর
জীবনের পথে চলে,
আমার কবিতা
হৃদয়ের কথা বলে

কবিতার আসর
জীবনের মরূধারা,
আমার কবিতা
ছন্দ নদীর ধারা

কবিতার আসর
প্রাণে দেয় নব আশা,
আমার কবিতা
নীরব মনের ভাষা

কবিতা আসরে কবিদের নিয়ে
সাজানো আমার ঘর
কবিগণ মোর হয়েছে আপন
কেহ নহে আজ পর

প্রীতি প্রেমের পূণ্য বাঁধনে
মিলেছি হেথা সবাই
হৃদয়ের ব্যথা, ছন্দের ভাষায়
কবিতা লিখে যাই

Monday, 23 March 2015

নতুন সকাল

রাতের আঁধারে ঝিঁঝিঁ পোকা
কেঁদে মরে মাথা কুটে
অর্জুন গাছের পাতার ফাঁকে
জোনাকিরা জ্বলে ওঠে
রাতে চাঁদ নেই আকাশে,
তারারা আকাশের গায়
গাঁয়ের নদী, কুলু কুলু রবে
সাগরের পানে ধায়
হৃদয়ে জমানো ব্যথার পাহাড়
কেড়ে নেয় রাতের ঘুম
রাতের আঁধার ধরণীর বুকে
শুয়ে থাকে নিঝ্ঝুম
রাতের শেষে ভোরের আকাশে
শুকতারা কথা কয়
গাছে গাছে শুনি, পাখিদের গান
নতুন সকাল হয়

Friday, 13 March 2015

দোলযাত্রা

পূর্ণিমায় দোলযাত্রা, রঙের বাহার,
হৃদয়ে পুলক জাগে, খুশিতে সবার
ফুটেছে পলাশ ফুল, লোহিত বরণ,
প্রকৃতির শোভা হেরি, হরষিত মন

ব্রজধামে হোলি খেলে, ব্রজের নন্দন,
রাই কানু এক সাথে, সঙ্গে গোপীগণ
রঙে রঙে ব্রজপুরে, ছেয়েছে আকাশ,
আবীর রাঙানো রবি, হাসিছে বাতাস

কচিকাচা, ছেলে বুড়ো, কিশোর কিশোরী,
সবে মিলে হোলি খেলে, মারে পিচকারী
হাতে রং, মুখে রং, রং লাগে গায়ে,
ছোটরা আবীর দেয়, বড়োদের পায়ে

ধন্য পূণ্য দোল যাত্রা, মহা ধূম ধাম
বর্ষে বর্ষে দোল আসে, নাহিক বিরাম



Saturday, 31 January 2015




         দেবী বন্দনা

মাঘ মাসে শুক্ল পক্ষ, শ্রীপঞ্চমী তিথি,
সরস্বতী পূজা হয় ধূমধাম অতি
ধান্যদূর্বা, আম্রশাখা, সুগন্ধি চন্দন,
ঘৃত, মধু, গঙ্গাজলে দেবী আবাহন

দেবীর গলায় শোভে, শ্বেত ফুল মালা,
ফল ফুল, বড় কুল, প্রসাদের থালা
গুড় দুধ চিঁড়া দই, নারকেল কলা,
শাঁকালু বাতাবি লেবু, আপেল কমলা,

পূজারি ব্রাহ্মণ এক বসিয়া আসনে,
করিছেন মন্ত্রপাঠ, শুদ্ধ ভক্তি মনে
চারিপাশে আছে বসে, যত শিশুগণ,
পুষ্পাঞ্জলি দেয় সবে, হয়ে শুদ্ধ মন

বাক্ দেবী বীণাপানি, প্রণমি তোমায়,
বিদ্যাদায়িনী দেবী, বিদ্যা দাও আমায়




























Sunday, 4 January 2015

স্বচ্ছ ভারত সবুজ অভিযান

স্বচ্ছ ভারত সবুজ অভিযান
দিকে দিকে তার আহ্বান,
ভারত আবার দিচ্ছে ডাক,
ময়লা, আবর্জনা দূরে যাক


একজাতি একপ্রাণ একতা
জেগে ওঠো ভারতের জনতা
স্বচ্ছ ভারত, নির্মল ভারত
দেশ ও জাতির মুক্তির পথ


স্বচ্ছ ভারত, সবুজ অভিযান,
বাড়ায় দেশ ও জাতির মান
দেশ ও জাতির পবিত্র শপথ,
স্বচ্ছ ভারত ও নির্মল ভারত


করবো আমরা দেশের কাজ
গড়বো আমরা নতুন সমাজ
দূরে নয় সবাই এসো কাছে,
ভারতে এবার সুদিন আসছে